রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তীব্র উসকানি ও অপশাসনের কঠোর সমালোচনা করে ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনের সভাপতি নতুন জয় চাকমা। পাশাপাশি তিনি নিজের সভাপতি পদ থেকেও পদত্যাগ করেছেন।
মঙ্গলবার রাতে প্রচারিত এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত ও চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশ করেন।
ভিডিও বার্তায় নতুন জয় চাকমা বলেন, সাজেকের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইউপিডিএফের উসকানি ও প্ররোচনাতেই মূলত জনস্বার্থবিরোধী এই সড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে সাজেকবাসীর চরম দুর্ভোগের কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের এই অবরোধ কর্মসূচি অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হলো। তিনি আরও জানান, মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধ ও স্বজাতির প্রতি কর্তব্যবোধ থেকেই তিনি সত্যগুলো দেশবাসীর সামনে তুলে ধরেছেন। দীর্ঘদিনের এই অবরোধের ফলে সাজেকের সঙ্গে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
ইউপিডিএফের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তুলে সদ্য বিদায়ী এই কার্বারি নেতা বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলটির অপশাসনের মধ্যে ছিলেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ইউপিডিএফ নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ হাসিলের জন্য সাধারণ মানুষকে জোরপূর্বক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করত এবং প্রাণের ভয় দেখাত। সাজেকবাসীর বৃহত্তর স্বার্থে ইউপিডিএফের রক্তচক্ষু ও রাজনৈতিক চক্রান্ত থেকে সরে এসে তিনি সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বর্তমানে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।
তিনি আরও খোলসা করেন, সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামের সংগঠনগুলো মূলত ইউপিডিএফ তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই তৈরি করেছিল। কার্বারি সমিতির দায়িত্ব তাকে দেয়া হলেও অনেক সময় তাঁর অজান্তেই তাঁর নামে নানা বিভ্রান্তিকর বিবৃতি প্রকাশ করা হতো।
বিবৃতির শেষাংশে নতুন জয় চাকমা আনুষ্ঠানিকভাবে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি পদ ছেড়ে দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তিনি সাজেকবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান এবং এলাকার সাধারণ মানুষের অধিকার, মর্যাদা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
এদিকে কার্বারি সমিতির সভাপতি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও, গত ৭ নভেম্বর নবগঠিত ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’র ডাকা অবরোধ কর্মসূচি এখনো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা।
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আশুলিয়ায় কারখানা বন্ধের নোটিশে পুলিশ-শ্রমিক সংঘর্ষ
জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও দেশসেরা গলাচিপা, চার বার শ্রেষ্ঠ ইউএনও ইজাজুল