বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশিত ভ্রাম্যমাণ কনসুলেট সেবা যুক্তরাষ্ট্রের শিকাগোতে আয়োজনের দাবিতে রাষ্ট্রদূত তরিক মোদাররেস আরিফুল ইসলামের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন শিকাগোল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
চিঠিতে উল্লেখ করা হয় যে, ২০২৫ সালের ১৭ ও ১৮ মে শিকাগোতে নির্ধারিত মোবাইল কনসুলেট সেবা হঠাৎ করেই বাতিল করা হয়েছিল। পরে বহুবার অনুরোধ জানানো হলেও সেবা পুনরায় শিকাগোতে আয়োজন করা হয়নি। এরই মাঝে সম্প্রতি জানা যায় যে, আগামী ২০ ও ২১ ডিসেম্বর ন্যাপারভিল এলাকায় ভ্রাম্যমাণ কনসুলেট সেবার আয়োজন করা হচ্ছে—যা কমিউনিটির অনেক সদস্যের জন্য অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর সিদ্ধান্ত হিসেবে দেখা দিয়েছে।
কমিউনিটি নেতৃবৃন্দের অভিযোগ, শিকাগো ও আশপাশের বাংলাদেশ কমিউনিটির সঙ্গে কোনো পরামর্শ বা যোগাযোগ ছাড়াই ন্যাপারভিলকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
তারা বলেন, ন্যাপারভিল একটি দূরবর্তী উপশহর, যেখানে বাংলাদেশি মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম এবং শিকাগো শহর থেকে পাবলিক ট্রান্সপোর্ট খুবই সীমিত। ফলে সেখানে কনসুলেট সেবা গ্রহণ করা অধিকাংশ প্রবাসীর জন্য কঠিন হবে।
চিঠিতে আরো উল্লেখ করা হয় যে, ডিসেম্বর মাস শিকাগোতে শীতের চরম সময়—তুষারঝড়, বরফ জমা রাস্তা ও তীব্র ঠান্ডা সাধারণ মানুষের চলাচলে বড় বাধা সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে দূরবর্তী ন্যাপারভিলে সেবা আয়োজন করলে অংশগ্রহণকারী কম হবে এবং কমিউনিটিতে বিভাজন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ফলে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানিয়েছেন—ভ্রাম্যমাণ কনসুলেট সেবার ভেন্যু শিকাগোতে স্থানান্তর করতে এবং সম্ভব হলে তারিখ পরিবর্তন করে আবহাওয়া অপেক্ষাকৃত উষ্ণ ও নিরাপদ সময় বেছে নিতে।
চিঠিটি স্বাক্ষর করেছেন মুশাররুফ শাহ, দুলু মিয়া ও শাকির ভূঁইয়া, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে। তারা রাষ্ট্রদূতের সদয় বিবেচনা ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছেন।
বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করলো যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়