বিশ্ব পোশাক রপ্তানির বাজারে দীর্ঘদিনের দ্বিতীয় অবস্থান ধরে রাখা নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ২০২৫ সালের পরিসংখ্যান বলছে, বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব ৬ দশমিক ৭৫ শতাংশ, যেখানে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ নিয়ে বাংলাদেশের ঠিক ঘাড়েই নিশ্বাস ফেলছে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম।
এমন নাজুক পরিস্থিতির মধ্যেই মজুরি বৃদ্ধির দাবিতে টানা দুই সপ্তাহের শ্রমিক আন্দোলন এবং এর জেরে কারখানা বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের প্রধান এই রপ্তানি খাত। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, চলমান এই অস্থিরতা অব্যাহত থাকলে চলতি বছরই দ্বিতীয় অবস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে যেতে পারে বাংলাদেশ, যার পুরো সুযোগ লুফে নিতে পারে ভিয়েতনাম ও ভারত।
মজুরি বৃদ্ধির দাবিতে গত দুই সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনের কারণে ইতিমধ্যেই বেশ কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। ফলে উৎপাদন থেকে শুরু করে জাহাজীকরণ—রপ্তানির প্রতিটি ধাপেই তৈরি হয়েছে চরম স্থবিরতা।
বাংলাদেশ বায়িং হাউস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির জানিয়েছেন, চলমান এই শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি খাতে দৈনিক ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় দেড় বিলিয়ন ডলারের কাছাকাছি। ইতিমধ্যেই অস্থিরতার কারণে বিদেশি ক্রেতাদের বেশ কিছু ক্রয়াদেশ স্থগিত ও বাতিল হয়ে গেছে। রপ্তানি কমার পেছনে বিদ্যমান বেশ কিছু অনুঘটকের মধ্যে চলমান শ্রমিক আন্দোলন অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের মতে, পোশাক শিল্পে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হলে কেবল কারখানা মালিকরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, বরং চরম অনিশ্চয়তার মুখে পড়বেন লাখ লাখ শ্রমিকও। এ বিষয়ে একমত পোষণ করে শ্রমিক নেতা নাজমা আক্তারও সতর্ক করেছেন যে, রপ্তানি আদেশ কমে গেলে এবং একের পর এক কারখানা বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন।
তবে চলমান অচলাবস্থার মধ্যেও আশার আলো দেখছেন সংশ্লিষ্ট সব পক্ষ। মালিক ও শ্রমিক- উভয় পক্ষই জানিয়েছে, মজুরি নির্ধারণের জন্য ইতিমধ্যেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং আগামী ডিসেম্বর মাস থেকেই শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করা হবে।
দেশের অর্থনীতির লাইফলাইনখ্যাত এই খাতটিকে বাঁচাতে এবং বিশ্ববাজারে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রাখতে দ্রুত কারখানায় কাজের পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।
