বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার একটি আদালত থেকে জামিন নেন তিনি।
এর আগে বুধবার ইশতিয়াকের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে ওইদিন রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
এরপর আদালতে তোলা হলে জামিন পান তিনি।
পাঁচ বছর আগে বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় বুধবার ৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে আদালত।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৮ সালে ৪ আগস্ট রাতে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের ইকবাল রোডের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়।
‘ওই রাতে নৈশভোজের নামে ড. বদিউল আলম মজুমদার গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ আরও কয়েকজনের সঙ্গে সরকারবিরোধী ষড়যন্ত্র করছিলেন বলে খবর পান স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।’
এরপর আনুমানিক রাত ১১টায় ছাত্রলীগ নেতা নাইমুল হাসান ওরফে রাসেলের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি দল ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা মার্সা বার্নিকাটের গাড়ি ধাওয়া করলে রাষ্ট্রদূত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।’
পরে ১০ আগস্ট রাতে বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
বার্নিকাটের গাড়িবহরে হামলা: ৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ