শিশুদের সুন্দর বিকাশ ও সমাজ গঠনে ভূমিকার জন্য সব পত্রিকায় ছোটদের পাতা প্রকাশ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক সমকালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেছেন, আগে দৈনিক পত্রিকাসহ প্রায় সকল পত্রিকায় নিয়মিত ছোটদের পাতা প্রকাশ হতো, সেখানে শিশু-কিশোরদের লেখা, তাদের জন্য লেখা বের হতো। এখন অনেক পত্রিকা ছোটদের পাতা বের করে না।
‘কিন্তু এই ধরনের পাতা প্রকাশের মাধ্যমে শিশু বিকাশ ও সমাজ গঠনে জন্য সকল পত্রিকার প্রতি আমার আহ্বান থাকবে।'
সংবাদপত্রের সঙ্গে ছেলেবেলার স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, 'বাল্যকালে আমি ছোটদের পাতায় লিখতাম। যেদিন আমার কোনো লেখা বা কবিতা ছাপা হতো, সেদিন যে আমার কি আনন্দ হতো! বড়দের কাছে গিয়ে সেটি দেখাতাম। সে সব এখনো আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে।'
