শারদীয় দুর্গাপূজা উৎসবে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।
হাবিবুর রহমান বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য সাইবার টিম কাজ করছে।
এবার ঢাকা মহানগরে ২৪৮টি পূজা মণ্ডপে পূজা উদযাপন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে মন্দিরে মন্দিরে। চলছে শেষ মুহূর্তের কাজ।
ডিএমপি কমিশনার বলেন, মহালয়া থেকে আজ পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল। আগামীকাল থেকে পাঁচদিন ব্যাপী অর্থাৎ মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীতে বিসর্জন পর্যন্ত পুরো সময় আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে ডিএমপি।
সমসাময়িক পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার হাবিব বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল পূজা নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে পারে – এমন বিষয় মাথায় রেখেই ডিএমপির সাইবার সেল প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
১৫০ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী