রাজধানীর খিলক্ষেতে পিকআপ উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার দিনগত রাতে বিশ্বরোডের নিকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আলফাজ (২৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি মিরপুর-১২ নম্বর সেকশনে থাকতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুই ভাই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। ঘটনার সময় তারা মালামাল নিয়ে মিরপুরের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ছোট ভাই চালকের পাশে আর বড় ভাই পেছনে ছিলেন। পথিমধ্যে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে পিকআপটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মৃতের ছোট ভাই মাহফুজ ও চালক সামান্য আহত হয়েছেন। আবেদনের প্রেক্ষিতে অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কালশি রোডে ট্রাক চাপায় দুই ভাইয়ের মৃত্যু