জিকে শামীমের সাড়ে পাঁচ বছর কারাদণ্ড, মা খালাস

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৪:৫৮ পিএম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় জি কে শামীমের পাঁচ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ চার-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন।

রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে জি কে শামীমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং এই অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হলো। বিচারক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধভাবে অর্জিত ২৯৭ কোটি টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে কথিত যুবলীগের কেন্দ্রীয় নেতা ও ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার জিকে শামীমের ঠিকাদারি কার্যালয় ও তার বাড়িতে অভিযান চালায় র‍্যাব। অভিযানে তার বাড়ি ও অফিস থেকে নগদ পৌনে দুই কোটি টাকা ও ১৬৫ কোটি টাকার এফডিআর জব্দ হয়।

একই বছরের অক্টোবরে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এই মামলায় বৃহস্পতিবার জিকে শামীমকে সাড়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে একই মামলায় তার মা আয়েশা আক্তার খালাস পেয়েছেন।

রায় ঘোষণার আগে জি কে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে জামিনে থাকা আয়েশা আদালতে হাজির ছিলেন না।

দুদকের প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম বলেন, এ রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট না। পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর কমিশনের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে আপিল করা হবে কি না।

অন্যদিকে জি কে শামীমের আইনজীবী বোরহান উদ্দিন বলেন, এ রায়ে আমরা সংক্ষুদ্ধ। উচ্চ আদালতে আপিল করব। মামলায় কিছু ফাঁক-ফোকর রয়ে গেছে। আশা করছি, উচ্চ আদালতে এর বেনিফিট পাব। তার সাড়ে পাঁচ বছরের সাজাও প্রায় শেষ হয়ে গেছে। তবুও আমরা উচ্চ আদালতে যাব।

শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১ অক্টোবর এই মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। বাদী নিজেই মামলাটি তদন্ত করেন।

তদন্ত প্রতিবেদন বলা হয়, জি কে শামীম ২০১৮-২০১৯ করবর্ষ পর্যন্ত ৫০ কোটি টাকার স্থাবর সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে আয়কর নথিতে ৪০ কোটি ২১ লাখ ৪০ হাজার ৭৪৪ টাকার তথ্য উল্লেখ করলেও মোট টাকার বৈধ উৎস পায়নি দুদক।

এছাড়া শামীমের বাসা থেকে উদ্ধার করা নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা ও সাত লাখ ৪৭ হাজার টাকার বিদেশি মুদ্রা, শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআর, মায়ের নামে আরও ৪৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার ব্যবসার অংশীদার এবং জিকেবি অ্যান্ড কোম্পানির শেয়ার, গাড়ি ও এফডিআর বাবদ ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকার অস্থাবর সম্পদের বৈধ উৎস দুদক পায়নি বলে প্রতিবেদনে বলা হয়।

২০২০ সালের ২২ ডিসেম্বর দুদকে এই তদন্ত প্রতিবেদন অনুমোদন পাওয়ার পর পরের বছরের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০২২ সালের ১৮ অক্টোবর শামীম ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

গত ২০ মার্চ দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে। শুরুতে ৩০ জানুয়ারি রায়ের তারিখ রাখা হলেও পরে তা পিছিয়ে যায়।

আসামিপক্ষের আইনজীবীর আবেদনে তদন্ত কর্মকর্তাকে ফের জেরা করা হয়। নতুন করে যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য ২৭ মার্চ দিন রাখে আদালত।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে জি কে শামীমের উত্থান হয়। তিনি নিজেকে যুবলীগ নেতা দাবি করলেও আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটি তা অস্বীকার করে।

ক্যাসিনোবিরোধী অভিযান চলার সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের বাসা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। ওই ভবন থেকে নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার ইউএস ডলার, ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার ১০টি এফডিআর, ৩২টি ব্যাংক হিসাবের চেক বই, আটটি আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয় অভিযান শেষে।

গ্রেপ্তারের সময় র‌্যাব সদরদপ্তর, সচিবালয়ে ও কয়েকটি হাসপাতালের নতুন ভবনসহ অন্তত ২২টি নির্মাণ প্রকল্পের ঠিকাদারি কাজ শামীমের প্রতিষ্ঠান জিকে বিল্ডার্সের হাতে ছিল। এসব প্রকল্পের ব্যয় বরাদ্দের পরিমাণ ছিল ৬ হাজার কোটি টাকা। পরে সেগুলোর কার্যাদেশ বাতিল হয়। জব্দ করা হয় তার ১৯৪টি ব্যাংক হিসাব।

শামীমের বিরুদ্ধে মাদক, অর্থ পাচার ও অস্ত্র আইনেও তিনটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের মামলায় ২০২২ সালে শামীম এবং তার সাত দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পরের বছর অর্থপাচার মামলায় শামীমের ১০ বছর এবং তার সাত দেহরক্ষীর ৪ বছর করে কারাদণ্ড হয়।

একাত্তর/আরএ
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর