হজযাত্রীদের উড়োজাহাজের ভাড়া এক লাখ টাকা করার দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। একই সঙ্গে হজের খরচ কমাতে প্যাকেজের সময়সীমা ৪০ দিন থেকে কমিয়ে ২৫ দিন করারও প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
শনিবার (১৬ মে) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৬ সালের হজ কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাব নেতারা এসব কথা বলেন।
সাংবাদিক সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অযৌক্তিক ভাড়া নির্ধারণের কারণে এবার প্রতি হজযাত্রীকে অন্তত ৫০ হাজার টাকা বেশি দিতে হয়েছে। আগামীতে যৌক্তিক উড়োজাহাজ ভাড়া নির্ধারণের পাশাপাশি হজ প্যাকেজের সময় ৪০ দিন থেকে কমিয়ে ২৫ দিন করা হলে হজের সার্বিক খরচ উল্লেখযোগ্য হারে কমবে।
হজে যাওয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের প্রতারণা এড়াতে মধ্যস্বত্ত্বভোগীদের সঙ্গে লেনদেন না করার পরামর্শ দিয়েছে হাব। এর পরিবর্তে হজযাত্রীদের সরাসরি বৈধ হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করার আহবান জানান সংগঠনটির নেতারা।
কিছু ত্রুটি-বিচ্যুতি ছাড়া সামগ্রিকভাবে ২০২৬ সালের হজ কার্যক্রম সফল হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন হাব নেতারা।
