সিটি কর্পোরেশনসহ নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল পরিসরে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, আজকের তরুণরা নাগরিক সেবার নানা দিক নিয়ে ডিজিটাল মাধ্যমে মত প্রকাশ করতে আগ্রহী; তাই তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং নিরাপদ মতপ্রকাশের পরিবেশ তৈরি করা জরুরি।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওয়েভ ফাউন্ডেশনের ‘লাউড অ্যান্ড ক্লিয়ার: এমপাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ২.০’ প্রকল্পের উদ্যোগে ‘ডিজিটাল পরিসরে তরুণদের মতামত: সিটি কর্পোরেশনের নাগরিক সেবার বর্তমান প্রেক্ষিত ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে।
ডয়চে ভেলে একাডেমির (ডিডব্লিউএ) অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) অর্থায়নে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
তিনি বলেন, এখানে তরুণদের উত্থাপিত বিভিন্ন মতামত শুনতে শুনতে আমি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে টেক্সট করে জানিয়েছি, আজকে রাতেই তার সঙ্গে কিছু সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করবো।
রেহান আসিফ আসাদ আরও বলেন, এআই ব্যবহার করে ভুল বা অপতথ্য ছড়ানো এখন বৈশ্বিক সমস্যা। সরকারের অনেক পোর্টাল ব্যবহারকারীদের জন্য সহজ নয়; সেগুলো সহজবোধ্যভাবে নতুন করে তৈরির কাজ শুরু হয়েছে, যা আগামী বছরের শুরুর দিকে শেষ হবে। পাশাপাশি একটি নির্দিষ্ট স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিকদের সব সেবায় প্রবেশাধিকার ও কর পরিশোধের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডয়চে ভেলে একাডেমির মিডিয়া ডেভেলপমেন্ট পরিচালক নাতাশা সোয়াঙ্কে। তিনি বলেন, সবার হাতে স্মার্টফোন থাকায় মতামত প্রকাশ সহজ হয়েছে এবং এতে গঠনমূলক সংলাপের সুযোগ তৈরি হয়। জার্মানির উদাহরণ টেনে তিনি স্থানীয় সরকার পর্যায়ে যুব ও নাগরিকদের মতামত দেওয়ার কার্যকর প্ল্যাটফর্মের কথা উল্লেখ করেন।
সম্মানীয় অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, নগর পরিকল্পনায় নাগরিক ও তরুণদের সম্পৃক্ত না করলে উন্নয়ন অবকাঠামো জনগণের প্রয়োজন মেটায় কি না, তা ভাবার বিষয়। সরাসরি যোগাযোগ ও সামাজিক পরিসর কমে আসায় ডিজিটাল মাধ্যমেও হয়রানির ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ওয়ার্ড ও টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার ওপর জোর দেন।
বৈঠকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, নতুন প্রজন্ম ডিজিটাল মাধ্যমে দক্ষ এবং পরিবর্তনের কাণ্ডারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাম্স উল আরেফিন খান জানান, সিটি কর্পোরেশনের সেবাব্যবস্থা কার্যকর করতে পোর্টাল তৈরিতে বৈঠকের সুপারিশগুলো বিবেচনায় নেওয়া হবে।
মানবাধিকার ও সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ টনি মাইকেল গোমেজ সিটি কর্পোরেশনের বাজেট সীমাবদ্ধতা, কর প্রদান এবং বিভিন্ন দপ্তরের সেবার সমন্বয়ের বিষয়টি তুলে ধরেন।
একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমীন বলেন, সরকারি সেবা পোর্টালের অনেকগুলোই কাজ করে না। যদিও স্থানীয় মানুষজন বিভিন্ন নম্বরে ফোন করে তাদের অভিযোগ জানান। নাগরিক বা তরুণ প্রজন্মের কেউ সিটি কর্পোরেশনের সেবা না পেলে ক্ষতিপূরণ মামলা করেননি এখনও। প্রতিবেশী দেশে এটা নিয়মিতই হয়। অর্থাৎ আমরা সচেতনভাবে আইনের সুযোগগুলোকে গ্রহণ করি না। তরুণরা তাদের অধিকার কীভাবে দাবি করতে হবে সেটা জেনে-বুঝে তার প্রয়োগ করতে হবে। সিটি কর্পোরেশনকেও নাগরিক বা তরুণদের সাথে নিয়ে শহর পরিষ্কারের উদ্যোগ নিতে হবে।
স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী, এবং মূল প্রেক্ষাপট উপস্থাপন করেন প্রকল্প ম্যানেজার জুলিয়েট রোজেটি ও বিশেষজ্ঞ সাজ্জাদুল করিম। প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রেক্ষাপটে রাজশাহী সিটি কর্পোরেশনকে উদাহরণ হিসেবে তুলে ধরে বর্ষায় রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তি, জলাবদ্ধতা, মশা নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনার ঘাটতির কথা বলা হয়। রাজশাহী থেকে আসা অংশগ্রহণকারীরা অভিযোগকারীর তথ্য গোপন রেখে কার্যকর ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনা, ইয়ুথ এনগেজমেন্ট সেল গঠন, নারীদের ডিজিটাল ও সড়ক নিরাপত্তা এবং সেবা মনিটরিংয়ে যুবদের যুক্ত করার প্রস্তাব দেন।
