আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও লিটন দাসের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে ২৮ ধাপ এগিয়েছেন হৃদয়। আর ১২০ রানের ইনিংস খেলে ৯ ধাপ উন্নতি হয়েছে লিটনের। সর্বশেষ র্যাংকিংয়ে হৃদয় ৩৩তম ও লিটন উঠে এসেছেন ২৪তম স্থানে।
সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে ১৩৭ রানের ইনিংস খেলা হৃদয়ের অবস্থান এখন ৩৩তম। এর আগে ৬১তম স্থানে ছিলেন বাংলাদেশের এই ব্যাটার। অন্যদিকে লিটন দাস উঠে এসেছেন ২৪তম স্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২০ রান করে র্যাংকিংয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।
বাংলাদেশের দুই ব্যাটারের পাশাপাশি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার রায়ান রিকেলটন ও মার্কেস অ্যাকারম্যানেরও। ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন রিকেলটন। যৌথভাবে ১৫তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। আর অ্যাকারম্যান উঠে এসেছেন ৬০তম অবস্থানে।
তবে র্যাংকিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের কয়েকজন ব্যাটার। চার ধাপ অবনতি হয়ে মুশফিকুর রহিমের অবস্থান এখন ২৮তম। তিন ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত রয়েছেন ৩৫তম স্থানে। ব্যাট হাতে ব্যর্থ হওয়া মুমিনুল হক পিছিয়েছেন ১৮ ধাপ। মেহেদী হাসান মিরাজেরও এক ধাপ অবনতি হয়েছে।
বোলারদের র্যাংকিংয়েও পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে থাকা মেহেদী হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে এখন ২৭তম স্থানে। অন্যদিকে তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ।
তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে রয়েছেন ৩০তম স্থানে। এ ছাড়া নাঈম হাসান দুই ধাপ এবং তাসকিন আহমেদ এক ধাপ এগিয়েছেন।
