‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
রোববার (১ নভেম্বর) বিচারপতি গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আগামী চার নভেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, সম্প্রতি রাজধানী ঢাকায় এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনাল নিয়ে এই বিরূপ মন্তব্য করেন। পরবর্তীতে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে আদালত এই আদেশ দেন।
