পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) স্ত্রী পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রুমা আক্তারের (৩৩) দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড আবেদন করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। বিচারক শামছুল আলম দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
সদর থানার অফিসা ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন জানান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার (১২ নভেম্বর) ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রুমা সাভারের লুটেরচর এলাকার আসলাম মিয়ার স্ত্রী।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন আরও বলেন, গত ৭ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় ওই নারী টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের মোবাইল নম্বরে ফোন করে নিজেকে আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী পরিচয় দেন।
এরপর তিনি পুলিশের কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন এবং এরপর মোবাইলে ম্যাসেজ করে ওই প্রার্থীর তথ্য পাঠান। পুলিশ সুপারের বিষয়টি সন্দেহ হলে তিনি এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানার ওসিকে দায়িত্ব দেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই নারীর অবস্থান শনাক্ত করে এবং গত শুক্রবার সাভারের লুটেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
একাত্তর/ এনএ
