জাফলংয়ে ডাউকি নদীতে পাথর তুলতে গিয়ে গর্তে আটকা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম হযরত আলী (৩৫)। গোয়াইনঘাট উপজেলার তিতকুল্লী হাওরে তার বাড়ি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বারকি নৌকা দিয়ে ডাউকি নদীতে পাথর তুলতে যান হযরত আলী। ডুব দিয়ে বালতি ভরে তিনি নদীর তলদেশ থেকে পাথর তুলছিলেন তিনি। দুপুরের দিকে পাথর তোলার জন্য পানির নিচে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। দীর্ঘসময় পর কাছাকাছি কয়েকজন শ্রমিক তার খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচে থাকা এক গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: উদ্ধারের সময় মাদ্রাসাছাত্রকে কামড়ে দিলো অজগর
একজন শ্রমিক জানান, পাথর তোলার কারণে ডাউকি নদীর স্থানে স্থানে গর্ত তৈরি হয়ে গেছে। এ রকম এক গর্তে আটকা পড়েছিলেন হজরত।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
