চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে জেলার আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- সিয়াম ও আনিস। তাদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। তারা দুজনই ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে ছয়জন শ্রমিক মিলে একটি ছয়তলা নির্মাণাধীন ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস। এতে ভারসাম্য হারিয়ে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
