চট্টগ্রাম নগরীতে থার্টি ফার্স্ট নাইট ঘিরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে ১৬টি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। থার্টি ফার্স্ট নাইটে রাস্তাঘাটে জমায়েত না করে এমনকি ভবনের ছাদেও কোনো ধরণের উৎসব করা যাবে না।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এসব বিধিনিষেধ বাস্তবায়নে এরইমধ্যে চট্টগ্রাম নগর পুলিশের সব ইউনিটকে দেওয়া হয়েছে নির্দেশনা।
থার্টি ফার্স্ট নাইট ঘিরে শহরের বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন, গীর্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা মানতে সাধারণ জনগণকে নিদের্শনাসমূহ অনুসরণ করার জন্য বলা হয়েছে।
নিদের্শনায় বলা হয়েছে, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত বা সমাবেশ বা উৎসব করা যাবে না। থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে অনুমোদিত স্থানে আয়োজিত সভা, সমাবেশ এবং ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশনাসমূহ ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। উন্মুক্ত স্থানে নতুন বর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন বা সমাবেশ বা নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
কোথাও কোনো ধরনের আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। কোনো ভবনের ছাদে আতশবাজি বা পটকা ফোটানো হলে ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩১ শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে পরদিন সকাল ১০ টা পর্যন্ত পতেঙ্গা সী-বীচ ও পারকি বীচ এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।
এছাড়া ৩১ শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে পরদিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত লাইসেন্সকৃত সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে। উচ্চস্বরে গাড়ির হর্ণ বাজানো যাবে না। বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো যাবে না। আনন্দ উদযাপনের মধ্যে সমাজ ও সংস্কৃতিতে প্রত্যাশিত ও গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখতে হবে। মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। মাদকাসক্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকল অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকান্ড হতে বিরত থাকতে হবে। অশোভন আচরণ এবং বে-আইনী কার্যকলাপ হতে বিরত থাকতে হবে। হোটেলে ডিজে পার্টির নামে কোন স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না। জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এমন যে কোন কর্মকান্ড পরিহার করতে হবে।
আরও পড়ুন: যৌন নির্যাতনে সহায়তার দায়ে ফেঁসে গেলেন ম্যাক্সওয়েল
৩১ শে ডিসেম্বর রাত ১০ টার পর সকল ফার্স্ট ফুডের দোকানসহ মার্কেট বন্ধ রাখতে হবে। থার্টিফার্স্ট নাইট পালনে বিকেল ৪ টা হতে পরদিন সকাল ১০ টা পর্যন্ত সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার অনুরোধ জানিয়েছে সিএমপি।
যারা নির্দেশনা পালন করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এছাড়া যেকোন গুরুত্বপূর্ণ ঘটনা বা দুর্ঘটনায় তাৎক্ষণিক সিএমপি, পুলিশ কন্ট্রোল রুম ও ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ এ জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
একাত্তর/আরবিএস
