নোয়াখালীর চাটখিলে বৃহস্পতিবার দুপুরে এক স্কুল ছাত্রকে একসাথে ৩ ডোজ টিকা দেয়ার অভিযোগ উঠেছে স্বাস্থকর্মী দিদার হোসেনের বিরুদ্ধে। ওই ছাত্রের নাম ইয়াছিন হোসেন। সে উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং গবিন্দপুর গ্রামের ইব্রাহিম খোকনের ছেলে।
ইয়াছিনের স্বজন আবুল কালাম ভান্ডারী জানান, তার নাতী ইয়াছিন তার অন্যান্য সহপাঠিদের সাথে করোনার টিকা দিতে চাটখিল সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে স্বাস্থকর্মী দিদার হোসেন তাকে পরপর ৩টি টিকা পুশ করে। পরে বিষয়টি জানাজানি হয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা লোকজন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন।
ইয়াছিনের বাবা ইব্রাহিম খোকন বলেন, তার সন্তানের মুখ ফুলে গেছে। শরীরের তাপমাত্রাও বেড়ছে। তিনি স্বাস্থ্যকর্মীর এমন খামখেয়ালী কাজের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খোন্দকার মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারে প্রক্রিয়া চলছে।
