চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় বাড়ির উঠোনে জবাই করে ও হাত-পায়ের রগ কেটে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, সিআইডি ও পিবিআই একাধিক টিম। তবে কি কারণে অমর খুন হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় নিহতের সাথে থাকা দোকানের কর্মচারী অনিক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মৃত অমর সরকার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর দাস বাড়ির রবি ভক্ত সরকারের ছেলে। প্রায় ১৫ বছর ধরে তিনি নারায়ণপুর বাজারে মাধবী শিল্পালয় নামে দোকানে স্বর্ণ ব্যবসা করে আসছেন।
আরও পড়ুন: মাগুরায় পানামা রোগে কলাচাষীদের মাথায় হাত
পুলিশ জানায়, ঘটনার রাতে ভুক্তভোগী তার কর্মচারী মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার শুভারিয়া গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে অনিক জয়কে (২২) নিয়ে নিজ দোকান বন্ধ করে বাড়িতে আসার সময় অজ্ঞাত ৬-৭ জন তাদের পিছন থেকে আক্রমণ করে। দুর্বৃত্তরা সাথে থাকা কর্মচারীকে মাটিতে চেপে ধরে এবং অমর সরকার ধারালো অস্ত্রে গলায় আঘাত করে হত্যা করে।
অমরের স্ত্রী প্রিয়াঙ্কা বলেন, তার স্বামীর সাথে কারো দ্বন্দ্ব ছিলনা। প্রতিদিন সাড়ে ৯ টা থেকে ১০টা মধ্যে বাড়ি ফিরতেন তিনি। সোমবার রাতে মোকাম থেকে বাড়ি ফিরছিলেন। আর তখই বাড়ির উঠোনে কে বা কারা নির্মমভাবে খুন করে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
