উৎসব মুখর আয়োজনে সারাদেশে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন। এরই অংশ হিসাবে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবসও।
কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা জানানো, কেক কাটা, বেলুন উড়ানো, শোভাযাত্রা ও ম্যারাথনসহ বর্ণাঢ্য সব সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসব আয়োজন থেকে ডাক এসেছে জাতির পিতাকে হৃদয়ে ধারণ করার। উচ্চারিত হয়েছে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার। যেখান থেকে খুব বেশি দূরে দাঁড়িয়ে নেই দেশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কুমিল্লার চান্দিনার মহিচাইল ২০ শয্যার হাসপাতালের অন্তঃ বিভাগের উদ্বোধন হয়েছে।
উদ্বোধনীতে ভার্চুয়ালি যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জানান, জাতির জনকের জন্মদিনের মত সুন্দর দিনে ঘোষণা হচ্ছে এখন পর্যন্ত দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দেয়া হয়েছে।
চট্টগ্রামে সকালে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ফুলের শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতিকৃতিতে।
ময়মনসিংহে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে ৫০ টা পতাকাবাহী তিনটি ট্রাকযোগে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়।
এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, রচনা কুইজ ও চিত্রাঙ্কন, প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা সমাবেশ, সুবর্ণজয়ন্তী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
খুলনায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক থেকে শুরু করে পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। ছিল মেলা ও সাংস্কৃতিক আয়োজন।
মানিকগঞ্জে বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে জন্মদিনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ জেলা আওয়ামীলীগের নেতারা।
এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে ১০২ পাউন্ডের ১০২টি কেক কাটা হয়।
রংপুরে সকালে নগরীর ডিসির মোড় এলাকায় বঙ্গবন্ধু ম্যুরালে গার্ড অব অনার দেয় পুলিশের একটি সুসজ্জিত দল। পরে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসে আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরের যাত্রাবাড়ী মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ম্যারাথনের আয়োজন করা হয়। ভোরে টাঙ্গাইলের সখীপুরের শহীদ মিনার চত্বর থেকে এই আয়োজন করে বাসাইল সখিপুর রানার্স গ্রুপ।
যশোরে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনকের জন্মদিন পালন করা হয়েছে।
নড়াইলে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ মোনাজাত, কেককাটা ও আলোচনাসভা।
দিবসটি উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ৭ই মার্চের ভাষণ ও এলইডি স্ক্রিনে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুপরিসর বেদী নিয়ে জাতির পিতার মনোরম ম্যুরাল উদ্বোধন হয়েছে। এটি জেলার কেন্দ্রীয় ম্যুরাল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
পরে সেখানে ফুল দিয়ে জাতির পিতার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতারা। জাতির পিতার জন্মদিনে শুভেচ্ছা জানাতে জনতার ঢল নামে ম্যুরালের সামনে।
কুমিল্লা ভাসছে ঝলমলে আলোর বন্যায়। শহরজুড়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। রাস্তায়-রাস্তায় বাজছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।
আরও পড়ুন: দেশকে জানতে জাতির পিতাকে জানার আহবান
আলোক সজ্জার মাধ্যমে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর থেকে শুরু করে ৫২’র ভাষা আন্দোলন, ৬৯এর গণঅভ্যুত্থান ও ৭১ এর মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ফুটিয়ে তোলা হয়েছে।
চুয়াডাঙ্গায় সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চানমারী মাঠে গিয়ে শেষ হয়।
নওগাঁর রাণীনগরে ১০২ পাউন্ড ওজনের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
একাত্তর/আরএ
