বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা-ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে মুন্সীগঞ্জে সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি। সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনা এবং টেকসই উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় তরুণ উদ্যোক্তারা এতে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের লক্ষ্যে সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র সার্কুলার এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় প্রবর্তিত এ কর্মসূচির মূল লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সৃষ্টি করা।
কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। অনুমোদিত ঋণ ও অনুদান ৫০:৫০ অনুপাতে একযোগে বিতরণ করা হবে। ব্যাংকঋণের অংশটি বাংলাদেশ ব্যাংকের প্রাসঙ্গিক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পুনঃঅর্থায়নযোগ্য। পাশাপাশি উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক দেশের ১২টি উপজেলায় সিটি ব্যাংককে উপজেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে। উপজেলাগুলো হলো আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁও, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদর। একই সঙ্গে গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে ব্যাংকটি।
আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত উপজেলাগুলোর যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন। লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক ও অংশীজনদের মধ্যে সমন্বয় সাধন, আবেদন একীভূত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং যোগ্য উদ্যোক্তা চিহ্নিতকরণে সহায়তা করবে। অর্থায়ন-পরবর্তী সময়ে ব্যবসার অগ্রগতি, অর্থের যথাযথ ব্যবহার ও ঋণ পরিশোধের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান কর্মসূচির লক্ষ্য, অংশগ্রহণের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া নিয়ে উপস্থাপনা তুলে ধরেন এবং উপস্থিত উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
