দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টায় নবাবগঞ্জ-কাঁচদহ সড়কের আলমনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলা নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) ও উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে কিবরিয়া ইসলাম (৩০)।
আরও পড়ুন: মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
পুলিশ জানায়, নিহত তিনজনই একই মোটরসাইকেল করে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি আলমনগর বাজারে পৌঁছালে একটি গাড়ি তাদের পিছ থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে এবং খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
পুলিশ জানান, ঘাতক গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহগুলি উদ্ধার করে। পরে স্বজনদের কাছে মরহদেহগুলো হস্তান্তর করা হয়।
একাত্তর/আরবিএস
