সাভারের হেমায়েতপুরে আয়োজন করা হয়েছে এক মিনিটে ঈদ বাজার। অভিনব এই
ঈদ বাজারে বিভিন্ন দোকান থেকে বিনামূল্যে পণ্য নিচ্ছেন এলাকার অসহায় ও হতদরিদ্ররা।
যে কোন বয়সেন নারী-পুরুষ নিতে পারছেন পছন্দের পোশাক বা জুতা। তাই এমন আয়োজনে খুশি তারা। এমন আয়োজন সব ঈদেই করার অনুরোধও জানিয়েছেন তারা।
রোববার সকালের দিকে সাভারের হেমায়েতপুরের অস্থায়ী ঈদ বাজারে সারি সারি দোকান থেকে কেউ কিনছেন পছন্দের নতুন জামা, কেউ জুতা।
কেউ শাড়ি আবার কেউবা ঈদের নানা খাবার। শিশু থেকে সব বয়সী মানুষ মাত্র এক মিনিটে তাদের পছন্দের পণ্যটি নিতে পারছেন।
আর এসব পণ্য নিতে দিতে হচ্ছে না টাকা। ঈদ উপলক্ষে বিনামূল্যে সব পেয়ে যাচ্ছেন হতদরিদ্র মানুষ। করোনা শুরুর পর থেকে অভিনব এই আয়োজন করা হচ্ছে।
এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই আয়োজন করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
তিনি বলেন, অসহায় ও দুস্থ প্রতিবন্ধী মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এমন আয়োজন। তার বাড়ির সামনে ওয়াসিলউদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে বাজারটি বসে।
সরেজমিনে দেখা যায়, দিনব্যাপী বাজার থেকে বিনামূল্যে এক হাজারেরও বেশি দরিদ্র ও অসহায় মানুষকে ঈদের সব বাজার উপহার হিসেবে দেয়া হয়েছে।
এক মিনিটের দোকানে বিনা পারিশ্রমিকে দিনরাত কাজ করছেন একদল স্বেচ্ছাসেবী। তারা বলছেন, আগামীতে আরও বড় পরিসরে এই কার্যক্রম চালু থাকবে।
উৎসব হোক সবার জন্য এই শ্লোগান নিয়ে ঈদ বাজার পরিচালনা করছে সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন।
একাত্তর/আরবিএস
