হবিগঞ্জে আলোচিত ধর্ষণ ও মানবপাচার মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৪ মে) সকালে মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল। আটককৃত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া আহমদের ছেলে।
দুপুরে র্যাব-৯ সিপিসি-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্প কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
প্রায় তিন বছর আগে সামাজিক মাধ্যম ফেসবুকের মাধ্যমে পাবনার এক তরুণীর সাথে পরিচয় হয় সোহেলের। পরিচয়ের সুবাদে সোহেল ওই তরুণীকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত নিয়ে যায়। এর কিছুদিন পর ওই তরুণী দেশে ফিরে আসলে সোহেলও দেশে ফিরে তরুণীকে বিয়ে করে।
এর কিছুদিন পর তিন বিঘা করিডোর দিয়ে দহগ্রামে নিয়ে গিয়ে সোহেল তার বন্ধুসহ তরুনীকে ধর্ষণ করে এবং আবারও ভারতে পাচার করে দেয়। পরে ওই তরুণী কৌশলে দেশে ফিরে ২১ মে সোহেলসহ ৫ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেনভ।
এ ঘটনায় পাটগ্রাম থানা পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম, মোকছেদুল হক ও চম্পা বেগমকে গ্রেপ্তার করে।
