সিরাজগঞ্জে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে এক আনসার সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে ওই আনসার সদস্যের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ জুলাই) সকালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনসার সদস্যের নাম সায়েম হোসেন (২৮)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামে গ্রামের ফরিদ সেখের ছেলে। সায়েম সিলেটের কাঁচপুর পূবালী ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, শুক্রবার ঈদের ছুটিতে সায়েম বাড়ি আসেন। চাকরির সুবাদে তিনি অধিকাংশ সময় সিলেটেই থাকতেন। রাতে স্বামী-স্ত্রী নিজ ঘরে এক সঙ্গে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে নিজ ঘরের খাটের ওপরে লাশ পরে থাকতে দেখে স্বজনরা থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আঘাতে নিহতের পেটের ভুঁড়ি বের হয়ে গেছে।
আরও পড়ুন: সড়কে নিহত শ্রমিক পরিবারে প্রধানমন্ত্রীর ৪০ লাখ টাকা অনুদান
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী নোবিনা খাতুনকে আটক এবং তার পরনের রক্ত মাখা কাপড় উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
একাত্তর/এসি
