মোংলায় দাদীর সাথে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন এক কিশোর।
শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু জিহাদ শেখ (১৫) ওই গ্রামের বাবুল শেখের ছেলে।
নিহত শিক্ষার্থীর চাচা শেখ রাসেল জানান, বিকেলে বাড়ীতে জিহাদের সাথে তার দাদীর ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে সন্ধ্যা ৭টার দিকে দাদীর সাথে অভিমান কীটনাশক পান করেন জিহাদ।
কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফয়সাল ইসলাম স্বর্ণ জানান, কীটনাশক পান করা জিহাদকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। এখানে আনার পর তার পাকস্থলীতে জমা হওয়া কীটনাশক পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়।
এর আগে মোংলার কানাইনগর এলাকায় শুক্রবার (১৫ জুলাই) কুলসুম বেগম ও বৃহস্পতিবার (১৪ জুলাই) বৈদ্যমারী এলাকায় পারিবারিক কলহের জের ধরে দুই গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুন: মাগুরায় পুলিশি নির্যাতনে শ্রমিকের মৃত্যুর অভিযোগ
হঠাৎ করে মোংলায় আবারও বেড়ে গেছে আত্মহত্যার প্রবণতা। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেই আটজন আত্মহত্যা করেন। চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত আত্মহত্যা করেছেন ৩১ জন। আর ২০২১ সালে আত্মহত্যা করেছিলেন ২৪ জন নারী-পুরুষ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, উপজেলার আমড়াতলায় জিহাদ নামের এক ছেলে আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
একাত্তর/এসজে
