চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
শনিবার (৩০ জুলাই) দুপুর একটার দিকে শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা শহরের নুরনগর কলোনীপাড়ার কিতাব আলীর ছেলে মিঠু (২৪) ও ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে টুনু হোসেন আনন্দ (২৫) এবং আহতরা হলেন, এভারেস্ট ফার্মার রিপ্রেজেন্টেটিভ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার রনি মিয়া (৩৫) ও একই এলাকার মুক্তা হালদার (৩০)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন জানান, দুপুরে চুয়াডাঙ্গা শহরের উপকণ্ঠ জাফরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দ্রুতগামী দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠু ও টুনুকে মৃত ঘোষণা করেন এবং আহত রনি ও মুক্তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যালে রেফার করেন।
নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে ও এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
একাত্তর/জো
