নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। পরে আহত ছাত্রলীগ এক নেতাকে হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে।
শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যার পর পূর্বাচলের পলখান এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রদল। এতে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় দলের অন্তত ১৩ জন নেতাকর্মী আহত হয়।
পরে রাতে গুরুতর আহত দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেলকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা তার চিকিৎসায় বাধা দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ক কবীর মোল্লা বলেন, শনিবার (২০ আগস্ট) সকালে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা বাদি মামলা দায়ের করেছেন। মামলায় ২৩ জনের নামে এবং অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: মসজিদের টাকা চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আটকদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/এসি
