আউশ ধান বাজারে উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোববার (২৮ আগস্ট) বেলা ১১ টায় নওগাঁয় মহাদেবপুর উপজেলার উত্তরগ্ৰাম এলাকায় আউশের মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, এ বছর আউশ মৌসুমজুড়ে আবহাওয়া ভালো থাকায় অন্যান্য বছরের তুলনায় আউশের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে বাজারে আউশ ধান উঠতে শুরু করেছে। বাজারে চালের দামও কমতে শুরু করেছে।
মন্ত্রী আরও বলেন, এছাড়াও সরকার খাদ্য বান্ধব কর্মসূচি গ্ৰহন করেছে। আউশ চাষের জন্য সরকার ব্যাপক কৃষি প্রণোদনা দিয়েছে কৃষকদের। কৃষকরা যে আশা নিয়ে আউশ চাষাবাদ করেছিলেন, তাদের সেই আশা পূরণ হবে। বাজারে এই ধানের দামও ভালো রয়েছে। কৃষকরা ভালো লাভবান হবেন।
আরও পড়ুন: অবশেষে কাজে ফিরলেন চা শ্রমিকরা
এসময় ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, চালের যথেষ্ট মজুদ আছে। অযথা দাম বাড়িয়ে বেশি মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীলতা তৈরি করবেন না।
পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সাথে কথা বলেন মন্ত্রী এবং ধানের ভালো দাম পাবার আশ্বাসও দেন তিনি।
একাত্তর/জো
