বগুড়ায় হোটেলে খাওয়ার সময় এক বালু ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভাটকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ হোসেন ঝন্টু ভাটকান্দি পশ্চিম পাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।
নিহতের ছোট বোন ও হোটেল মালিক জানান, সকালে ঝন্টুসহ একই এলাকার তিনজন হোটেলে খাবার খাচ্ছিলেন। এসময় ধারালো অস্ত্র দিয়ে ঝন্টুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বাকি দুইজন।
পরে ঝন্টুর বাবা ও বোন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, হামলাকারীদের মধ্যে একজনের নাম মমিন। তিনি টাইলস মিস্ত্রীর কাজ করেন।
আরও পড়ুন: তিন পুলিশের পাহারায় সৈকতে এক তরুণী!
স্বজনদের অভিযোগ, সকালে মমিন নামের একজন এসে ঝন্টুকে ডেকে নিয়ে যায়। তারা একসাথে ঘোরাঘুরি করতেন। নিজেদের মধ্যে টাকাপয়সার বাকবিতণ্ডা নিয়ে মমিন ও তার সহযোগীরা ঝন্টুকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসজে
