রাজশাহীতে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মামলার ২নং আসামি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভাণ্ডার রক্ষক মোহাম্মদ জীবন ও গাড়ি চালক আব্দুস সবুর।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মামলার পর থেকে তারা পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কথিত দাদাকে খুন করে দম্পতির পলায়ন
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের নিয়ে পুলিশের দলটি রাজশাহীতে আসার পর তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
