কুষ্টিয়া সদরের বিত্তিপাড়ায় কৃষকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধারের এক দিনের মাথায় হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। সেইসাথে হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুষ্টিয়া জেলা পুলিশের সম্মেলন কক্ষে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সদরের বিত্তিপাড়া এলাকার গজনবীপুর গ্রামের মাঠ থেকে কৃষক মফিজ মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- মামলার আসামি আব্দুল আজিজ ওরফে খয়বার।
পুলিশ সুপার জানান, মফিজ মণ্ডলের সাথে তার ভাইদের জমিজমা নিয়ে দ্বন্দ্ব ছিল। মফিজ মণ্ডল তার ভাইদের কাছে বাড়ির জমি বিক্রি করেও দখল না দিলে তার ভাইরা মফিজ মন্ডলকে হত্যা করে জমি দখল নেওয়ার পরিকল্পনা করে।
বুধবার (২১ সেপ্টেম্বর) মফিজের স্ত্রী ও বড় মেয়ে বেড়াতে গেলে মফিজের ভাই নুর আলী এবং তার দুই ছেলে এরশাদ ও কিতাবুদ্দিন মফিজকে বাড়িতে একা পেয়ে বাড়ি ছেড়ে দিতে বলেন এবং হুমকি ধামকি দেন। মফিজ তখন বাড়ি ছেড়ে চলে যান।
আরও পড়ুন: ইয়াবা বিক্রির টাকা নিয়ে পালানো সেই কারারক্ষী গ্রেপ্তার
পরদিন সন্ধ্যায় তারা মফিজকে চায়ের দোকান থেকে মাঠের মধ্যে ডেকে নিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যান।
পুলিশ সুপার খাইরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার আব্দুল আজিজ ওরফে খয়বার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
একাত্তর/এসজে
