নরসিংদীতে কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
জানা গেছে, গ্রেপ্তারকৃত রিকশাচালকের নাম মুক্তার হোসেন (৪৩)। এ ঘটনায় মুক্তারের সহযোগী নাবালক হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
র্যাব ১১ জানায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় মুক্তার হোসেন ও এক কিশোর একটি কুকুরকে রাস্তায় পিটিয়ে হত্যা করে। সিসিটিভিতে এই ঘটনা ধরা পড়ে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর প্রাণীর অধিকার সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিন হুড দ্য অ্যানিমেল’ ৯৯৯-এ কল করে র্যাবের সঙ্গে যোগাযোগ করে। র্যাব অভিযুক্তদের ওই রাতেই গ্রেপ্তার করে তাদের কার্যালয়ে নিয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, মুক্তার এর আগেও পাঁচটি কুকুরকে পিটিয়ে হত্যা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। কিন্তু সিসিটিভির ফুটেজে আমরা একটি কুকুর হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখেছি।
আরও পড়ুন: নোয়াখালীতে গাঁজা সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড
এদিকে, স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড দ্য অ্যানিমেল'র প্রতিষ্ঠাতা আফজাল হোসেন নরসিংদী সদর থানায় কুকুর হত্যা করার অভিযোগে মুক্তারের বিরুদ্ধে প্রাণী সংরক্ষণ আইনে একটি মামলাও করেছেন।
একাত্তর/জো
