নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালক ও ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৭টন পুরাতন ওয়েস্টেজ লোহাসহ পিকআপ গাড়ি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় সরকারি জরুরি পরিষেবা নম্বর ৯৯৯ -এর সহায়তায় রাতেই পুলিশ ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করে। এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) রাতে উপজেলার কর্নগোপ এলাকায় ঘটে এ ঘটনা।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দড়িকান্দি এলাকার মৃত হেলালউদ্দিনের ছেলে লিটন মিয়া (৫০), গঙ্গানগর এলাকার আলী হোসেনের ছেলে মামুন (৩০)। শরীয়তপুরের জাজিরা থানাধীন বগ উমুদিকান্দি এলাকার নুর ব্যাপারীর ছেলে মনির বেপারী (৩০), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধিন উত্তর কান্দাইল ইনকান্দা এলাকার আবু বক্করের ছেলে সাদ্দাম হোসেন (২০)।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, রোববার সন্ধ্যার দিকে ঢাকা পোস্তগোলা শ্মশান ঘাট এলাকার ইসলামী এন্টারপ্রাইজের মালিক জহিরুল ইসলাম উপজেলার কর্নগোপ এলাকার জিইও ষ্টীল মিল থেকে সাড়ে ৭টন পুরাতন ওয়েস্টেজ লোহা (যার বাজার মূল্য ৪,১৯,৬৫০টাকা) ক্রয় করে একটি পিকআপে করে পোস্তগোলার উদ্দেশ্যে রওয়ানা হন। একটু সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেল যোগে আসা চার জন ছিনতাইকারী গাড়ীটির গতিরোধ করে।
আরও পড়ুন: বিএনপি’র সমাবেশে ধারেকাছেও কেউ যাবো না: কাদের
তিনি আরও জানান, তারা ব্যবসায়ী জহিরুল, চালক জয়নাল, ভগ্নীপতি মো: হাবিবুরকে অস্ত্রে মুখে জিম্মি করে পার্শ্ববর্তী মাছিমপুর এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে সাথে থাকা দেড় লাখ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পিকআপটি নিয়ে পালিয়ে যায়। এসময় ব্যবসায়ী তার কাছে লুকিয়ে রাখা মোবাইল ফোন থেকে সরকারি জরুরি পরিষেবা ৯৯৯ -এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
রাতেই পুলিশ উপজেলার দড়িকান্দী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মালামালসহ পিকআপটি উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। এ ঘটনায় ব্যবসায়ী জহিরুল ইসলাম বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ সোমবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
একাত্তর/আরবিএস
