নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আশরাফুল হক ও বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের মধ্যে দীর্ঘদিনের বিরোধের ঘটনায় হায়দু ওরফে সবুজ (২৩) নামে একজন নিহত হয়েছেন।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে বাঁশগাড়ির মির্জাচরের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি বাঁশগাড়িতে গাড়ির স্ট্যান্ডে কাজ করতেন।
বাঁশগাড়ির বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল জানান, রোববার (১৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকেরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি বলেন, হামলায় আমরা এদিক-সেদিক ছুটে যাই। পরে আমার সমর্থনে হায়দু ওরফে সবুজ বাঁশগাড়ির মির্জাচর সংলগ্ন রাস্তার পাশে আসলে আশরাফুলের সমর্থকরা তাকে গুলি করে হত্যা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকরা এ ছেলেটাকে হত্যা করেছে। সে বর্তমান জাকির হাসান রাতুলের সমর্থক ছিল।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) গোবিন্দ সরকার জানান, নিহতের কোন সংবাদ পাওয়া যায়নি। একজন আহত হয়েছে বলে জানা গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত ফোর্স নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন: সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১১২ তম মৃত্যুবার্ষিকী
উল্লেখ্য, গত মাসে ১৬ নভেম্বর রায়পুরার সাংসদ রাজিউদ্দিন রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, মেয়র জামাল মোল্লা সহ প্রশাসন ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দের উপস্থিতিতে বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হক ও বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করা হয়।
একাত্তর/আরএ
