১০ দফা দাবি এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারাদেশে গণমিছিল করেছে বিএনপি। কিছু স্থানে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এরমধ্যে পঞ্চগড়ে মারা গেছেন আব্দুর রশিদ আরেফিন নামের এক বিএনপি নেতা। এসব ঘটনায় জন আহত হয়েছেন অর্ধশতাধিক।
পঞ্চগড়ে বিএনপির জেলা কার্যলয়ের সামনে থেকে দুপুর সোয়া দুইটায় মিছিল বের করে নেতা কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিপেটা শুরু করলে, বিএনপির নেতাকর্মীরাও পাল্টা ইট পাটকেল ছোঁড়ে।
এ সময় বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন আহত হন। হাসপাতালে নিলে তিনি মারা যান। আহত হন পুলিশসহ অর্ধশত। নিহত ব্যক্তি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন বলে জানিয়েছে বিএনপি।
পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। আহত নেতা-কর্মীদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আবদুর রশিদ আরেফিনের লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে। বিএনপি ও পুলিশের সংঘর্ষ থেমে যাওয়ার পর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে সিলেট নগরীতে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি বক্তারা জানান, দেশ এখন অবৈধ সরকারের হাতে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শনিবার দুপুর সাড়ে ১২টায় নেতাকর্মীদের অংশগ্রহণে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়।
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরের চৌহাট্টা এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিএনপির নেতারা বলেন, সরকার পুরোপুরি ব্যর্থ। এই অনির্বাচিত সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপির পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ এখন রাজপথে নেমেছে। বিএনপি মানুষের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে।
নাটোরেও ১০ দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। সেখানেও তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানানো হয়। একই দাবিতে বরিশালেও গণমিছিল করে বিএনপি। আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান নেতারা।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শনিবার দুপুরে বরিশাল মহানগর, জেলা বিএনপি দক্ষিণ ও উত্তরের উদ্যোগে গণমিছিল শেষে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের কাছে মেসেজ চলে গেছে, এ দেশের মানুষ আর ভোটচুরি মেনে নেবে না। এবার ভোটচোরদের হাতেনাতে ধরে জনগণের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার করবে।
বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে গণমিছিল নিয়ে জলেশ্বরীতলায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে নেতাকর্মীরা। এর আগে, এক সংক্ষিপ্ত সমাবেশে এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, সারাদেশে আজ এই গণমিছিল কর্মসূচি হচ্ছে। গত ১৯ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে ১০ দফা দাবি ঘোষণা করেছেন।
নোয়াখালীতে পুলিশের নির্ধারণ করে দেয়া এলাকায় গণমিছিল করেছে জেলা বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়। এ গণমিছিলে আসার পথে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে সেনবাগ বিএনপি ও এর সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীকে আটক করেছে সুধারাম থানার পুলিশ।
ফরিদপুরে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গণমিছিল বের করে বিএনপি। তবে কয়েক কদম এগোনোর পর পুলিশ আর মিছিলটি এগোতে দেয়নি। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা।
একাত্তর/এসি
