নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই শ্যালো ইঞ্জিল চালিত একটি ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত জাকির হোসেন (২৮) উপজেলার উপলশহর গ্রামের জালালউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ভটভটিতে ১৪টি গরু নিয়ে তিনিসহ আরও নয়জন সিরাজগঞ্জের নওগা হাটে যাচ্ছিলেন। ভটভটিটি তরমুজ তেল পাম্প এলাকায় পৌঁছালে ফিডার রোড থেকে মহাসড়কে উঠতে গিয়ে উল্টে যায়। এরপর আহত অবস্থায় চালককে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: দুই সন্তানকে নিয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নিজের ভটভটি উল্টে গিয়ে নিহত হয়েছেন জাকির। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ভটভটিটি থানা হেফাজতে আনা হয়েছে।
একাত্তর/জো
