ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরতলীর ঘাটুরা খন্দকারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশু জায়ান (২) ওই এলাকার আল-আমিন মিয়ার ছেলে।
নিহত শিশুর বাবা জানান, দুপুরে পরিবারের সদস্যদের সাথেই ছিল জায়ান। রান্নার কাজ করার সময় সবার অগোচরে শিশু জায়ান বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে বিকেলে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
একাত্তর/জো
