বিক্রির উদ্দেশ্যে লক্ষ্মীপুরে ১ হাজার টাকার দুটি নকল (জাল) নোট রাখার দায়ে মো. খোকন (২৮) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত খোকন গাজীপুর জেলার টঙ্গী থানার আউচপাড়া গ্রামের বাসিন্দা।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাল টাকাগুলো আসামি বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছে।
আদালত ও এজাহার সূত্র জানায় ২০২১ সালের ১০ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বটতলি এলাকায় ১ হাজার টাকার দুটি নকল নোট নিয়ে স্থানীয়রা খোকনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা দুটি ১ হাজার টাকার নকল নোট (নম্বর- ঘ ল ২৬২৮৭২৪ এবং ঘ ল ২৬২৮৭২২) উদ্ধার করা হয়। থানায় গিয়ে নোটগুলো নকল টাকা শনাক্তকরণ মেশিনে পরীক্ষা করে সত্যতা পাওয়া যায়। একইসঙ্গে আসামি নিজেই নোটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে জানিয়েছে।
পরদিন তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল হান্নান বাদী হয়ে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সাংবাদিককে ডেকে এনে পেটালেন কাউন্সিলর
আসামি নকল টাকা রেখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ ধারায় অপরাধ করেছেন।
পরে ২০২২ সালের ২০ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল মিয়া আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে রায় প্রদান করেন।
একাত্তর/আরএ
