ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর (উকিলবাড়ি মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।
তিনি জানান, সকালে ময়মনসিংহ থেকে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ত্রিশালের বৈলর এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে গেলে বাসের সাথে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় কলেজছাত্রের মৃত্যুর অভিযোগ
এতে বাসের চালকসহ ১১ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসজে
