মাদক মামলায় দীর্ঘ ১৪ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে জয়পুরহাটের র্যাব ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে নওগাঁ সদরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ হোসেনের (৩৫) বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামে।
জয়পুরহাটের র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, ২০০৯ সালের ২৬ জুন জয়পুরহাটের কালাই থানা এলাকায় ফেনসিডিল চোরাচালানের সময় আরিফকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর জামিনে বের হয়ে এসে আত্মগোপনে চলে যান তিনি।
তার অনুপস্থিতেই চলতি বছরের ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মাদক কারবারি আরিফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি দল আরিফ হোসেনকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: প্রাক্তন স্বামীর ছোঁড়া এসিডে ঝলসে গেলেন নারী
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসজে
