টাঙ্গাইলের মির্জাপুরে হার্টের সমস্যা নিয়ে জন্ম নেয়া শিশু আব্দুল তোহার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মধুমতি ব্যাংকের পরিচালক ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রাফিউর রহমান খান ইউসূফজাই সানি।
রোববার তোহাকে চিকিৎসা সহায়তা হিসেবে তিনি দুই লাখ ২৫ হাজার টাকা দেন।
তোহা উপজেলার তরফপুর মুন্নীপাড়া গ্রামের নুরুল ইসলাম ও মেহেরুন্নেছা দম্পতির ছেলে। শিশুটি ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর ৯ মাস ১৭ দিন বয়সী তোহা হার্টে দুটি ছিদ্রের পাশপাশি ভাল্ব এবং ফুসফুসের জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে।
তোহার মা মেহেরুন্নেছা জানান, চার মাস বয়স থেকে তোহার শরীরে নানা উপসর্গ দেখা দিতে থাকে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তার হার্টে চারটি সমস্যা রয়েছে। অসুখের নাম ‘টব’। যত দ্রুত সম্ভব তার অপারেশন করতে হবে। কমপক্ষে তিন লাখ টাকা লাগবে।
আর্থিক অবস্থা ভালো না হওয়ায় শিশুকে নিয়ে বিপাকে পড়েন এই দম্পতি। তাদের অসহায় অবস্থা দেখে নুরুল ইসলামের প্রতিবেশী ও অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখার কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান তার ফেসবুকে পেজে তোহার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান।
মাহাবুবুর রহমানের আবেদনে সাড়া দিয়ে তোহার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যার্শী রাফিউর রহমান খান ইউসূফজাই সানি। তিনি তোহার মায়ের সাথে যোগাযোগ করে চিকিৎসা ব্যয় বহনের কথা জানান। এরপরই তোহার চিকিৎসা শুরু হয়।
রোববার তোহাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের কথা জানান হার্ট ফাউন্ডেশনের প্রফেসর ডা. এম শরিফুজ্জামান। আগামী সপ্তাহে যেকোনো দিন তোহার অপারেশন।
তোহার মা বলেন, শিশুর এমন অসহায়ত্ব দেখা কী পরিমাণ কষ্টের তা একজন মা ছাড়া কেউ বুঝবে না। রাফিউর রহমান ইউসূফজাই সানি আমার সন্তানের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি শুধু একটি জীবন রক্ষার ব্যবস্থা করেননি। তিনি একজন মায়ের আত্মাকে শান্তি দিয়েছেন।
এ বিষয়ে রাফিউর রহমান ইউসূফজাই সানি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ছোট থেকে পারিবারিকভাবেই এই শিক্ষা পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন দর্শনও আমাদের এই শিক্ষা দিয়ে থাকে। এসময় দলের সমর্থবান প্রতিটি নেতাকে গরিব ও অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।
একাত্তর/আরবিএস
