ঝিনাইদহে বাস-নসিমন সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শৈলকূপার গাড়াগঞ্জে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন হরিনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের আক্কাজের ছেলে খোকন হোসেন এবং একই গ্রামের নারায়ণ কুমারের ছেলে মহাদেব। তারা দুজনই পান ব্যবসায়ী ছিলেন।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, দুপুরে কুষ্টিয়া থেকে চারজন পান ব্যবসায়ী ইঞ্জিনচালিত নসিমন নিয়ে পান বিক্রি করার জন্য শৈলকূপায় যাওয়ার সময় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী দ্রুতগামী রূপসা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই খোকন হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটার দিকে মহাদেব কুমার মারা যান।
এ ঘটনায় শৈলকূপা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মিজানুর রহমান।
