নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে রহস্যজনকভাবে এক বন্ধুর মৃত্যু হয়েছে।
নিহতের নাম মোমেন মিয়া। তিনি নেত্রকোণা সদর উপজেলার বেতাটি গ্রামের মৃত মঞ্জু মিয়া ও মিনা আক্তারের পুত্র।
সোমবার (১২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে কলমাকান্দা থানা পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর পূর্বে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের পাঁচুড়ার কটু শেখের পুত্র তোফাজ্জল হোসেন (২৫) এর সাথে নেত্রকোণায় পাইলিং-এর কাজ করার সুবাদে বন্ধুত্ব হয় মোমেনের। পরবর্তীতে তোফাজ্জল এলাকায় মোমেনকে তার ধর্মের ভাই বলে পরিচয় করিয়ে দেয়। প্রায় সময়ই মোমেন কলমাকান্দায় তোফাজ্জলের বাড়িতে আসা-যাওয়ার করত।
সর্বশেষ সোমবার সন্ধ্যায় মোমেন তার মামার বাড়ি নেত্রকোণা সদরের বর্ণি গ্রাম থেকে কলমাকান্দার তোফাজ্জলের বাড়িতে বেড়াতে যায়। যাওয়ার পরপরই অসুস্থ বোধ করে মোমেন। অবস্থা অবনতি দেখে ওইদিন রাতেই তোফাজ্জল ও তার পরিবারের লোকজন মোমেনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইকরামুল হক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: 'ঈদ উৎসবের সুযোগের সদ্ব্যবহার করতে হবে'
এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান বলেন , হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোমেনের মৃত্যু রহস্যজনক বলে থানা পুলিশকে জানান। পরে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইকরামুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের নিয়ে আসার পূর্বেই মোমেনের মৃত্যু হয়েছে। মৃত্যুটি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। একারণে পরে আমি থানা পুলিশকে খবর দিই।
একাত্তর/আরএইচ
