কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য শাহিন আকতারসহ আওয়ামী লীগের ৭২ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০-৪০০ জনকে। মামলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, গুলিবর্ষণ, বিভিন্ন স্থাপনার ক্ষতিসাধনসহ প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।
বুধবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সদর ইউনিয়ন যুবদল নেতা মো. রফিক বাদী হয়ে মডেল থানায় এ মামলার এজাহার দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক দুই সাংসদ আব্দুর রহমান বদি ও তার স্ত্রী শাহিন আক্তারের নেতৃত্বে ও প্ররোচনায় অন্যান্য আসামিরা ওই দিনের আন্দোলনকে প্রতিহত করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। তারা টেকনাফ পৌরসভাস্থ ঝর্ণা চত্বর ও ব্রিজ এলাকায় অরাজকতা ও ত্রাস সৃষ্টি করে। এসময় তারা বিভিন্ন স্থাপনায় ভাংচুরও চালান।
মামলার অন্য আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল কবির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, সাবরাং, হ্নীলা, বাহারছড়া ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুর হোসেন, রাশেদ মাহমুদ আলী ও আমজাদ হোসেন খোকন, পৌর যুবলীগ নেতা রেজাউল করিম ও মোহাম্মদ আবদুল্লাহ, মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা প্রমুখ। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০-৪০০ জনকে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এক যুবদল নেতা বাদী হয়ে সাবেক এমপি আব্দুর রহমান বদি ও তার স্ত্রী শাহিনা আক্তারসহ ৭২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামিদের ধরতে আমাদের বিশেষ অভিযান চলবে।
এদিকে সরকার পতনের পর গত ২০ আগস্ট চট্টগ্রাম থেকে র্যাবের হাতে আটক হন সমালোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদি। এরপর থেকে তার স্ত্রী সাবেক এমপি শাহীন আক্তার আত্মগোপনে চলে যান।
কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার
শিবলী-খোকন-বাবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা