লক্ষ্মীপুরের কমলনগরে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুম (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাসুম কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার নুর উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ১৪ বন্ধুর সঙ্গে মেঘনা নদীর বুকে জেগে ওঠা ‘চর কাঁকড়া’ এলাকায় পিকনিকে যায় মাসুম। রান্নার প্রস্তুতির একপর্যায়ে মাসুমসহ তিন বন্ধু নদীতে বেঁধে রাখা একটি নৌকা দেখতে যায়। নৌকায় ওঠার চেষ্টার সময় হঠাৎ বড় একটি ঢেউ তাদের ভাসিয়ে নেয়। দুই বন্ধু সাঁতরে তীরে ফিরতে পারলেও মাসুম নদীর স্রোতে তলিয়ে যায়।
নিখোঁজের পর থেকে স্বজন ও জেলেরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের চার দিন পর শনিবার বিকেলে লুধুয়া মাছঘাট এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, নিখোঁজের বিষয়টি আগেই নৌ-পুলিশকে জানানো হয়েছিল। শনিবার বিকেলে মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দস্যু দমনে সুন্দরবনে শিগগিরই অভিযান শুরু হবে: পরিবেশ প্রতিমন্ত্রী