চট্টগ্রামের দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) ভোরে জেলার রাউজান উপজেলার বিএমএ ব্রিকফিল্ড এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম মোহাম্মদ বাবুল। স্থানীয়দের ভাষ্য, তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে বাবুল মাছ ধরতে যাচ্ছিলেন। সে সময় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে বাবুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন, ভোরে বিএমএ ব্রিকফিল্ডের পাশে বাবুলকে কে বা কারা গুলি করে ফেলে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান।
তিনি আরও জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
