অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা এ মামলায় মোট ১৭ জনকে সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন ১৯ জন।
আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন জানান, অর্থ পাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরীকে ১০ বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার স্ত্রী রুকমীলা জামানকে দুই অভিযোগে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, আরামিট গ্রুপের এক কর্মচারীকে প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খোলা হয়। ওই প্রতিষ্ঠানের নামে গম, মটর, হলুদ ও ছোলা আমদানির কথা বলে ঋণ নেওয়া হয়। পরে সেই অর্থ সরিয়ে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
