মানিকগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। ওই নারীর মরদেহ নিজ বাড়ির সিন্দুকের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুত্রবধূ ও তার মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার রাত আটটার দিকে জেলার সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী এলাকায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম হায়াতুন নেছা। তিনি ওই এলাকার মাহামুদ কাজীর স্ত্রী। আটক পুত্রবধূর নাম রুনা।
স্থানীয়রা জানান, প্রবাসী আব্দুল খালেকের মা ও স্ত্রী এক সঙ্গে বসবাস করতেন। শনিবার সন্ধ্যায় দুই জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রুনা তার শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সিন্দুকের ভেতরে লুকিয়ে রাখে। রোববার সকালে রুনা নানীর বাড়ি চলে যায়। এদিকে, বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা হায়াতুন নেছার খোঁজ করেন। পরে সন্ধ্যায় রুনা তার মাকে নিয়ে শ্বশুরবাড়িতে হাজির হলে স্বজনদের জিজ্ঞাসার মুখে পড়েন। একপর্যায়ে হত্যা ও মরদেহ সিন্দুকে লুকিয়ে রাখার কথা জানায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর মরদেহ লুকিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নেত্রকোনায় নিম্নাঞ্চল প্লাবিত, কমেছে সোমেশ্বরী ও কংসের পানি
লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসীকে ওএসডি