রাজবাড়ীতে হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে তিন জনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে বালিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী সোনাপুর হাটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের চরকুটিয়া গ্রামের কবির মোল্লার ছেলে আরজু মোল্লা (৪৮), লুৎফর মণ্ডলের ছেলে কদম মণ্ডল (৪০) ও হাবিল মণ্ডলের ছেলে বাচ্চু মণ্ডল (৩৮)।
স্থানীয়রা জানান, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সোনাপুর হাটটি খুবই গুরুত্বপূর্ণ। এ হাটের একাংশের বার্ষিক ইজারা পান আরজু মোল্লা। ইজারার প্রতিযোগিতায় ছিলেন মাঝবাড়ী ইউনিয়নের শিমুল নামের এক যুবক। যিনি ইজারা না পেয়ে ক্ষিপ্ত ছিলেন। তাছাড়া আগে থেকেই আরজুর সঙ্গে তার বিরোধ চলছিল। দুপুরে আরজু হাটে গেলে শিমুল ও তার সহযোগীরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আরজুর সঙ্গে থাকা কদম ও বাচ্চুকেও কুপিয়ে জখম করা হয়।
তারা জানান, রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা ঢাকায় রেফার্ড করা হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন বলেন, ইজারা সংক্রান্ত বিরোধে এই হামলা হয়েছে। অভিযুক্ত শিমুল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজবাড়ীতে রাসেলস ভাইপার নিয়ে ভয়