মানিকগঞ্জে একটি কালী মন্দিরে আগুনের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের কয়েকটি প্রতিমা ও ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার (২৮ মে) ভোরে সদর উপজেলার সদরপুর ঘোনা এলাকার কালী মন্দিরে এই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান জানান, ভোরে আধাপাকা ঘরে কালী মন্দিরে আগুন জ্বলতে দেখেন পাশের লোকজন। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে মন্দিরে ঘরসহ বেশ কয়েকটি প্রতিমা পুড়ে যায়।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস বলেন, এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হয়। এছাড়া বছরে একবার পূজা অর্চনা হয়। এলাকায় কারো সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কীভাবে আগুন লাগলো তা নিশ্চিত নই। তবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্ব দিয়ে দেখাবে বলে জানিয়েছেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। আগুনের সূত্রপাত নিয়ে এখনও নিশ্চিত নই।
এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিনসহ সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সবকিছু বিবেচনা করে আমরা তদন্ত করছি।
মরদেহ থেকে দুই চোখই চুরির অভিযোগ